চাঁদপুরে চালু হয়েছে ১৫০ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
চাঁদপুরে ১২শ’ কোটি টাকা ব্যয়ে ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে এই কেন্দ্রটি পুরোদমে বিদ্যুত্ উত্পাদন করে যথারীতি জাতীয় গ্রীডে সরবরাহ করছে। চাঁদপুর নতুনবাজার পাওয়ার হাউজ সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে ১০ একর জায়গার উপর এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। চায়নার চেংডা ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দেশি ২৯৮ কোটি এবং বৈদেশিক ৯২০ কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রটি নির্মাণ করেছে। এর তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড।
চাঁদপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রটি বাংলাদেশের মধ্যে একটি অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত সম্পূর্ণ একটি কক্ষে ডিজিটাল পদ্ধতিতে নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র বলে জানিয়েছেন এই কেন্দ্রের ম্যানেজার প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম। তিনি আরো বলেন, বর্তমানে এই কেন্দ্র হতে প্রতিদিন গ্যাসের মাধ্যমে ১১৫ এবং স্টিম টারবাইনের মাধ্যমে ৬৫ মেগাওয়াট মোট ১৮০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
বর্তমানে এই কেন্দ্রের অদূরে ডাকাতিয়া নদীর পাড়ে কতিপয় ইট বালি ব্যবসায়ীরা ইট বালি রেখে তাদের ব্যবসা পরিচালনা এবং প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত কয়েকশ’ ট্রাক্টর এ সমস্ত দ্রব্যসামগ্রী নিয়ে এই কেন্দ্রের সম্মুখ দিয়ে যাওয়া-আসা করার দরুন বালি পড়ে গ্যাস টারবাইন ও ফিল্টারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৌশলীগণ জানান, এভাবে বালু পড়তে থাকলে এই কেন্দ্রের যন্ত্রাংশগুলোর স্থায়ীত্বতা কমে যাবে।