পটুয়াখালী আওয়ামী লীগে পাল্টাপাল্টি সম্মেলন

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে গত বুধবার পটুয়াখালী পৌর আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন দুই স্থানে অনুষ্ঠিত হয়েছে। ঘোষণা করা হয়েছে পৃথক দুই কমিটি। পৌর কমিটির সভাপতি শাহ্ জালাল খানের নেতৃত্বাধীন কমিটির সম্মেলন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অপরদিকে, সাধারণ সম্পদক গাজী হাফিজুর রহমান শবীরের নেতৃত্বাধীন গ্রুপের সম্মেলন শহীদ মিনার চত্বরে গতকাল একই সময় হওয়ার কথা থাকলেও তারা সম্মেলন করে পৌরসভা মিলনায়তনে। জেলা শিল্পকলা একাডেমীতে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নূরুল হক তালুকদার। একই সময় পৌরসভা মিলনায়তনে পৌর কমিটির সহ-সভাপতি আবু নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ সুলতান আহমেদ মৃধা। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ডা. মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক তরুণ কুমার কুন্ডু, মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ সুলতানা হেলেন, জেলা কৃষক লীগের সভাপতি তছলিম সিকদার প্রমুখ। এই সম্মেলনকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপ গত সপ্তাহে পৃথক সংবাদ সম্মেলন করে শহরের ৯টি ওয়ার্ডের পৃথক কমিটি ঘোষণা দেয়। সভাপতি ও সম্পাদক উভয়েই তাদের দেয়া পৃথক ওয়ার্ড কমিটি বৈধ বলে দাবি করে। পরবর্তীতে তারা এই পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণা দেয়।