আশুগঞ্জে ছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন
আশুগঞ্জ (বি. বাড়ীয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র সাইফুল আলমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় কড়া পুলিশ প্রহরায় মানববন্ধন শুরু হয়। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
এতে বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোঃ শাহজাহান মিয়া,আওয়ামী লীগ নেতা ডাঃ মোঃ সেলিম,কলেজ ছাত্র মোঃ রাজু আহম্মেদ,পুষ্প বেগম প্রমুখ।
উল্লেখ্য, গত রবিবার বিকালে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আশুগঞ্জ আড়াইসিধা নতুন চকবাজারের কাছে ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের অনার্স প্রথমবর্ষের মেধাবী ছাত্র মোঃ সাইফুল ইসলাম(২৫) সন্ত্রাসী হামলায় নির্মম ভাবে খুন হয়। এ ঘটনায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ জহিরুল হক মাস্টারকে প্রধান আসামিসহ ২৫জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।