রংপুরে মেয়রসহ কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
রংপুর সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন মেয়রের দায়িত্বভার গ্রহণ করেছেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনিসহ ৪৪ জন সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেন। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ১৪ বছর আগে এই জায়গায় দাঁড়িয়ে যখন এই পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন আমার ঘাড়ে ছিল সাড়ে ৮ কোটি টাকার ঋণের বোঝা আর কর্মকর্তা-কর্মচারীদের ১৭ মাসের বেতন-ভাতা বাকি ছিল। তখন সবাই বলেছিলো, আমরা এই পৌরসভা চালাতে পারবো না। আমার অনেক সিনিয়র কমিশনার বলেছিলেন, ৬ মাসের মধ্যে পৌরসভায় তালাবদ্ধ করে পালাতে হবে। আমি ওই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এবং আল্লাহ রহমতে সব সংকট মোকাবেলা করে এই পৌরসভাকে একটা নতুন রূপ দিয়ে গিয়েছিলাম। তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি। কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আপনাদের ভবিষ্যত্, আপনাদের সন্তানদের ভবিষ্যত্ এই সিটি করপোরেশনের সাথে জড়িত।
সংবর্ধনা শেষে মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ৭১’র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আব্দুল কাদের মোল্ল¬ার ফাঁসি না হওয়ায় গোটা জাতি আজ কলঙ্কের কালিমায় ঢেকে আছে। শুধু কাদের মোল¬া নয়, সব যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি স্বাধীনতার পক্ষের শক্তি ও বিবেকবান মানুষরা যে দাবি আদায়ের আন্দোলনে নেমেছে সেই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।