সিদ্ধিরগঞ্জ সাইলোতে গমের ট্রাকে চাঁদাবাজি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৫
সিদ্ধিরগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ সাইলোর প্রতিটি গম বোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। একটি চক্র প্রতিটি ট্রাক থেকে ৮শ’ টাকা করে চাঁদা আদায় করলেও কর্তৃপক্ষ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। এতে ট্রাক চালক ও ঠিকাদারদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঠিকাদাররা জানায়, কেন্দ্রীয় সড়ক পরিবহন ঠিকাদার সমিতির (সিআরটিসি) লোকজন প্রতিটি গম বোঝাই ট্রাক থেকে ঠিকাদারদের কাছ থেকে ৮শ’ টাকা করে চাঁদা আদায় করছে। খাদ্য পরিবহনের পর প্রতিটি ট্রাক থেকে আব্দুল কাদির, আহাম্মদ আলী ও আলী নূর নামে তিন ব্যক্তি জোরপূর্বক এ চাঁদা আদায় করছে বলে ঠিকাদাররা অভিযোগ করেন। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও নারায়ণগঞ্জ সাইলোর ঊর্ধ্বতন কর্মকর্তাকে বখশিশ দেয়ার নাম করে এ চাঁদা আদায় করা হচ্ছে বলে ঠিকাদারারা জানায়। এ বিষয়ে আব্দুল কাদির জানায়, আমাদের ঠিকাদার সমিতির খরচ ও কর্মকর্তাদের খুশি করতে চাঁদা করা হচ্ছে। সিদ্ধিরগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ সাইলো সুপার মহিউদ্দিন সাংবাদিকদের জানায়, চাঁদা আদায়ের বিষয়টি আমি অবগত নই। তাছাড়া কেউ চাঁদা উত্তোলন করলে আমার করার কিছুই নেই।