নোয়াখালীর ছাত্রাবাসে সন্ত্রাসী হামলা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
নোয়াখালী জেলা শহর মাইজদী ইসলামীয়া সড়কের পাশে শিশু শিক্ষা প্রতিষ্ঠান লাইসিয়াম স্কুলের হোস্টেলে বুধবার ভোররাতে কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে শিক্ষার্থীদের বইপত্র তছনছ, লুটপাট ও আসবাবপত্র ভাংচুর ও অগ্নি সংযোগ এবং হোস্টেলে অবস্থানরত শিক্ষকদের ৪টি মোবাইল সেট, নগদ ৩০ হাজার টাকাসহ স্কুল ছাত্রদের মালামাল লুট করার অভিযোগ পাওয়া যায়।
লায়সিয়াম স্কুলের অধ্যক্ষ ইখলাসুল হক জানান, ভোর ৩টার দিকে ১৫/২০ জন সন্ত্রাসী স্কুলের পাশেই অবস্থিত আবাসিক হোস্টেলে পুলিশ পরিচয় দিয়ে ঢুকে দরজা ও জানালায় ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে তারা হোস্টেলের শিক্ষকদের দরজা খুলতে বাধ্য করে। পরে তারা ছাত্রলীগ পরিচয় দিয়ে হোস্টেলে ঢুকে শিক্ষকদের মোবাইল, নগদ টাকা, ছাত্রদের গুরুত্বপূর্ণ মালামাল লুট করে এবং শিক্ষার্থীদের বইপত্র তছনছ এবং হোস্টেলের আসবাবপত্র, ছাত্রদের বিছানা, লেপ তোষক বের করে পুড়িয়ে দেয়। এসময় আবাসিক হোস্টেলে দায়িত্বে থাকা শিক্ষক দিদার হোসেনকে শিবির কর্মী বলে মারধর করতে করতে হোস্টেল থেকে বের করে নিয়ে যায়। পরে তাকে সুধারাম থানায় সোপর্দ করে। বিষয়টি পুলিশকে জানালেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। তিনি আরও জানান, এই প্রতিষ্ঠান কোন রাজনৈতিক দলের নয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনী জানান, তার কাছে কেউ অভিযোগ করেনি।
এ ঘটনায় ছাত্রলীগের সম্পৃক্ততা আছে কিনা জানতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন জানান, ছাত্রলীগ এমন ঘটনার সাথে জড়িত নয়।