রায়পুরে সওজ’র জলাশয় ভরাটের মাধ্যমে দখল

স্থানীয় একটি প্রভাবশালী মহল রায়পুর উপজেলার বাসাবাড়ি বাজারে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জলাশয় দখল করেছে। গত ১৫ দিন ধরে মাটি ফেলে জলাশয়টি ভরাট করছে। এদিকে সড়ক জনপদ বিভাগের কর্মকর্তারা কয়েকদিন আগে এসে এ ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। তারপরও প্রভাবশালীরা তা অমান্য করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর সওজ অফিস সূত্র জানায়, রায়পুর-লক্ষ্মীপুর সড়কের পূর্ব পার্শ্বের জলাশয়টি সওজ বিভাগের মালিকানাধীন। পুকুরের অর্ধেক (প্রায় ৩০ শতাংশ) স্থানীয় প্রভাবশালীরা ভরাট করে। এ ভূমির বাজার মূল্য কোটি টাকার ওপর। উপজেলা নাগরিক পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ নুরুল আনোয়ার বাচ্চু জানান, প্রায় ১৫ দিন আগে হঠাত্ দখলকারীরা সড়কের পাশে প্লাস্টিকের পর্দা ঝুলিয়ে দেয়। এরপর ট্রলিযোগে মাটি এনে রাতদিন জলাশয়টি ভরাটের কাজ শুরু করে। বর্তমানে জলাশয়টির অর্ধেক ভরাট করে ফেলেছে। দখলদারদের একজন মোঃ কাজল বলেন, ‘আলী আহাম্মদসহ আমরা সড়ক ও জনপদ বিভাগ থেকে জমিটি লিজ নিয়েছি। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হবে।’ সওজ বিভাগের রায়পুর উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়েজ আহমেদ বলেন, আমাদের মালিকানাধীন জলাশয়টি ভরাটের জন্য কাউকে লিজ দেয়া হয়নি।