বোল্টের জন্য

অলিম্পিক স্প্রিন্ট চ্যাম্পিয়ন উসেইন বোল্ট ও অন্যান্য বিদেশি অ্যাথলিটরা যাতে এ বছরের লন্ডন ডায়মন্ড লিগে অংশ নেন সেজন্য তাদের আয় করমুক্ত রাখতে রাজি হয়েছেন বৃটিশ অর্থমন্ত্রী। জ্যামাইকান বোল্ট গত বছর লন্ডনে অনুষ্ঠিত অলিম্পিকে তিনটি সোনা জেতেন। কিন্তু তিনি ২০০৯ সালের পর আর যুক্তরাজ্যে দৌড়াননি দেশটির কর নীতির কারণে। কারণ দৌড়াতে এলে কর নীতির কারণে তার পকেট থেকে অর্থ চলে যেতো। এই পরিস্থিতিতে বৃটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন বিদেশি অ্যাথলিটদের কর না কাটার ব্যাপারে সম্মতি দিলেন। এ ব্যাপারে ডেইলি টেলিগ্রাফ অসবর্নকে উদ্ধৃত করে এভাবে-‘অলিম্পিকের গৌরবকে ধরে রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং আমি এতে সম্মতি দিয়ে আনন্দিত।’ বৃটিশ অর্থমন্ত্রীর এই ঘোষণার পরও বোল্ট এতে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত করেননি। লন্ডন অলিম্পিকের প্রথম বার্ষিকীর কারণে ডায়মন্ড লিগটি বরাবর যেখানে অনুষ্ঠিত হয়ে থাকে, সেই ক্রিস্টাল প্যালেস থেকে অলিম্পিক স্টেডিয়ামে সরিয়ে নেয়া হয়েছে। শুধু তাই নয় ৮০ হাজার আসনের সব টিকেটও বিক্রি হয়ে গেছে এর মধ্যে।