আজকের সকালটি শুধুই শিশুদের
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
শিশুদের পদচারণায় বইমেলা আজ মুখর হয়ে উঠবে। কারণ, আজ শিশুপ্রহর ঘোষণা করেছে বইমেলা কর্তৃপক্ষ। আজ সকাল ১০টা থেকে শুরু হবে বইমেলা। সাড়ে ১২টা পর্যন্ত শুধু শিশুদের জন্যই উন্মুক্ত থাকবে বইমেলা। এসময় শিশুদের সঙ্গে নিয়ে আসা অভিভাবকরাই শুধু মেলায় প্রবেশ করতে পারবে। বেলা সাড়ে ১২টার পর থেকে মেলা সবার জন্য উন্মুক্ত হবে। বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের অভিভাবকসহ স্বাচ্ছন্দ্যে বই কেনার সুবিধার্থে আজ শুক্রবার ছাড়াও আগামীকাল শনিবার এবং ১৫ ও ২২ ফেব্রুয়ারি শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৮, ১৫ ও ২২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এবং আগামীকাল ৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলার শিশুপ্রহরের জন্য নির্ধারিত থাকবে।
এদিকে, শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি নিয়ে যে আন্দোলন দানা বেঁধেছে তার ঢেউ এসে আছড়ে পড়েছে বইমেলাতেও। রূপসী বাংলা হোটেলের সামনে থেকে জনতার ঢল এসে শাহবাগের উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে এসে মিশেছে বইমেলা প্রাঙ্গণে। সবার মুখে এক দাবি ফাঁসির রায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না কেউ। বইপ্রেমী আর আন্দোলনকারীদের আগমনে বৃহস্পতিবার বিকাল থেকেই জমে ওঠে অমর একুশে বইমেলার সপ্তম দিন। গত দুই দিনের মতো এদিনও সকলের কণ্ঠে ধ্বনিত হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র এহতেশাম এসেছিলেন বইমেলায়। উদভ্রান্ত চেহারা। বললেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার থেকেই আমি শাহবাগে। বাসায় ফেরার আগে বইমেলায় এসেছি নতুন কী এলো দেখতে।
কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী নাসির আহমেদ সেলিম বললেন, শাহবাগের আন্দোলনের প্রভাব পড়েছে মেলাতেও। বইমেলার আবহই পাল্টে গেছে। তাম্রলিপির প্রকাশক তরিকুল ইসলাম রনি বললেন, ‘আমরা যারা মেলায় এসেছি, তারা প্রত্যেকেই শাহবাগের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছি। মেলাতে থাকলেও মন পড়ে আছে শাহবাগে। শাহবাগের জনতার ঐ ঢেউ এখন বইমেলাতেও।
এদিকে, বাংলা সংস্করণের প্রকাশের এক বছর পর প্রকাশিত হলো ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ এর ইংরেজি সংস্করণ ‘হিস্ট্রি অব লিবারেশন’। এটির লেখক এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থপ্রকাশ। বইটিতে বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বাঙ্গালি জাতির বিজয়ের সঠিক ইতিহাস স্থান পেয়েছে। একই সাথে দুর্লভ সব ছবি এবং ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ইপিআর বেতারে স্বাধীনতার ঘোষণা এবং পাক বাহিনীর আত্মসমর্পণের দলিলও বইটিতে স্থান পেয়েছে।
নজরুল মঞ্চে গতকাল বৃহস্পতিবার উন্মোচিত হয়েছে ১১টি নতুন বইয়ের মোড়ক। এর মধ্যে পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ও মাসরুর আরেফিন সম্পাদিত ‘কাফকার গল্প সমগ্র’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক এমিরেটাস ড. আনিসুজ্জামান। কার্টুনিস্ট আহসান হাবীব উন্মোচন করেন মুক্তচিন্তা থেকে প্রকাশিত ডা. আনিস আহমেদের ‘প্রজেক্ট গ্যাস জার’। দি ইউনিভার্সেল একাডেমী থেকে প্রকাশিত এড. জয়নুল আবেদীনের ‘চিত্রগুপ্তের খাতা’র মোড়ক উন্মোচন করেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া আরো উন্মোচিত হয় ওবায়দুল হক মিলনের ‘প্রেম কখনো মধুর কখনো বেদনা বিধুর’, শেখ ডেভিডের ‘অশ্রুতে অঙ্গার’, আলতাব হোসেন মেঘলার ‘আকাশের ভালবাসার স্মৃতি’, সাইফুল ইসলামের ‘প্রকৃতির প্রেমের খেলা’, জিয়া উদ্দিন রাজুর ‘তবুও ভালোবাসব’, ‘নীল কষ্ট’ ও ‘ফুলের দেশ হল্যান্ড’ এবং ড. সৌমিত্র শেখরের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চেতনার বাতিঘর’।
একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপ-বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বৃহস্পতিবার মেলায় এসেছে ৯০টি নতুন বই। এর মধ্যে গল্প ৯টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ৭টি, কবিতা ১৬টি, গবেষণা ২টি, ছড়া ৩টি, শিশুতোষ ৩টি, জীবনী ২টি, নাটক ৩টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৩টি, ইতিহাস ৪টি, রাজনীতি ২টি, রম্য/ধাঁধা ২টি, ধর্মীয় ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ১১টি।
অমর একুশে বইমেলা ২০১৩’র প্রথম সপ্তাহে বের হয়েছে প্রায় ৪৯০টি নতুন বই। এর মধ্যে উপন্যাস ১০০, কবিতা ৯৪, গল্প ৪৫, প্রবন্ধ ৪২, জীবনী ১৭, রম্য/ধাঁধা ১৯, বিজ্ঞান ১৩, শিশুতোষ ১৩, মুক্তিযুদ্ধ ১১, গবেষণা ৯, ছড়া ৯, অনুবাদ ৮, ইতিহাস ৭, ভ্রমণ ৫, ধর্মীয় ৬, সায়েন্স ফিকশন ৪, রাজনীতি ৩, চিকিত্সা ৩, নাটক ২ এবং অন্যান্য বিষয়ের উপর ৬৫টি বই প্রকাশিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী হাশেম খান।