ফেসবুকে প্রধানমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এমন প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ফেসবুকে প্রধানমন্ত্রীর নিজস্ব কোন অ্যাকাউন্ট বা পেইজ নেই। ফেসবুকে ‘শেখ হাসিনা’ নামে একটি অ্যাকাউন্টে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পোস্ট আসার পর গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ইত্তেফাককে জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর কোনো অ্যাকাউন্ট বা পেইজ নেই। প্রধানমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানোর বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে দেশের তথ্য প্রযুক্তিবিদরা জানিয়েছেন, কে বা কারা ভুয়া অ্যাকাউন্ট খুলেছে, তা শনাক্ত করা অসম্ভব নয়।
জানা গেছে, ফেসবুকে ‘শেখ হাসিনা’ নামে বেশ কিছু অ্যাকাউন্ট ও পেইজ রয়েছে। যার প্রতিটিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘Sheikh Hasina’ নামে একটি পেইজ থেকে বৃহস্পতিবার বাংলায় একটি পোস্ট দেয়া হয়েছে। এতে বলা হয়, ‘নির্বাচনী ওয়াদা অনুযায়ী আমাদের সরকার চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। কিন্তু তাদের ফাঁসি দেয়ার ব্যাপারে কোন নিশ্চয়তা আমাদের সরকার দেয়নি। এই ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ দেখিয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে কি আইনের শাসনের প্রতি সম্মান দেখানো হবে? এবং এই বিশৃঙ্খলার সুযোগে যদি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মাথা চাড়া দেয় তা কারো জন্যেই ভালো হবে না। তাই আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের রায় না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরার আহবান করছি...।’
২০০৭ সালের ২৫ ডিসেম্বর শেখ হাসিনার নামে খোলা এই অ্যাকাউন্টে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪১৯ জন ‘লাইক’ করেছেন।