মহাজোটে আমার দল নেই
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৭
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, তার দল আর মহাজোটে নেই। একাই তারা নির্বাচনে অংশ নেবে। কারণ নির্বাচনের কোনো বিকল্প নেই। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে তিনি এ কথা বলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরশাদ বলেন, আমরা মনে করি, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও স্বতন্ত্র করার মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব। আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেমন জোট আছে, ঠিক তেমনি প্রয়োজনে জাতীয় পার্টির নেতৃত্বেও নির্বাচনী জোট হতে পারে। তিনি বলেন, এ নিয়ে অনেকেরই আগ্রহ আছে। তবে তা এখনো আলোচনার পর্যায়ে আছে। রূপরেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত এ নিয়ে আমরা কথা বলতে চাই না।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল ব্রেকফাস্ট বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে রয়েছেন এরশাদ। ওয়াশিংটন যাওয়ার পথে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রাবিরতি করেন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। ওয়াশিংটনে অবস্থানকালে তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ ব্লেক, কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, পিটার কিংসহ মার্কিন আইনপ্রণেতা ও সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।