কৈজুরী বাঁধের ১৫০ মিটার ও ৪ হাজার একর জমি বিলীন
মারুফা মির্জা, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরে যমুনা আবারো দানবীয় রূপ ধারণ করেছে। চাঁদপুর থেকে দক্ষিণে হাটপাচিল পর্যন্ত ৮ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গত কয়েক মাস আগে সহস্রাধিক ঘরবাড়ি বিলীনের পর নতুন করে ভেঙে গেছে ৪ সহস্রাধিক একর আবাদি জমি। ভাঙন প্রতিরোধের ব্যবস্থা না থাকায় দক্ষিণ এলাকা দিয়ে ১০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত কৈজুরী বাঁধে আঘাত হানায় বিলীন হয়েছে ১৫০ মিটার এলাকা। হুমকির মুখে পড়েছে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং তার মাজারসহ অসংখ্য ঘর-বাড়ি এবং হাজারো তাঁত কারখানা। ভাঙন প্রতিরোধে দ্রুত উদ্যোগের দাবি জানিয়েছে এলাকাবাসী। চলমান ভাঙনে বিলীন হচ্ছে এলাকার ফসলি জমি। ১৫ দিন পরই কৃষকের গোলায় উঠতো এ ফসল। কাঁচা সরিষা গরুকে খাওয়ানোর জন্য কেটে নিচ্ছে কৃষক আলতাফ বেপারি, লালমিয়া ও তামেস সরকার। তারা জানান, যমুনার শুষ্ক মৌসুমে ভাঙ্গন তারা জীবনে দেখেননি। ক্রমেই মাঠ পেরিয়ে নদী আসছে বাড়িঘরের দিকে। কৃষকদের অন্তত অর্ধ কোটি টাকার ফসল নষ্ট হবে। ভাঙন প্রতিরোধে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বরাদ্দ পাওয়ামাত্র কাজ হবে বলে জানান সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল। কৈজুরী বাঁধ পাবনার বেড়া কৈটোলা পাউবোর দায়িত্বে থাকা বাঁধ সংস্কার নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।