কাফরুলে গণপিটুনিতে আহত ছিনতাইকারীর মৃত্যু

কাফরুলের তালতলায় গণপিটুনির শিকার ছিনতাইকারী সুজন (২২) বুধবার গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। গত সোমবার ছিনতাই করতে গিয়ে সে গণপিটুনির শিকার হয়। পুলিশ জানায়, গত সোমবার মিলন নামে এক ব্যক্তি সরকারি স্টাফ কোয়ার্টার মসজিদের গলি দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৫-৬ জন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে চাপাতি ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ২ হাজার টাকা নিয়ে যায়। তার চিত্কারে স্থানীয় লোকজন ছিনতাইকারী চক্রের সদস্য সুজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর গতকাল তার মৃত্যু হয়।