রাজধানীতে জামায়াতের মিছিল ও সমাবেশ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৪
দলীয় নেতাকর্মী নিহতের প্রতিবাদ, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আব্দুল কাদের মোল্লাসহ আটক নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে পুলিশ পাহারায় কয়েক হাজার জামায়াত-শিবির নেতাকর্মী কেন্দ্রীয়ভাবে মিছিলটি বের করে। মিছিলে তারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে শ্লোগান দিতে থাকে। মিছিলটি রামপুরা কাঁচাবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে নেতারা আজ শুক্রবার দোয়া দিবস পালন করার আহ্বান জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল করার সময় শিবির কর্মীদের হাতে লাঠিসোটা দেখা গেছে। তবে মিছিলের সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় মৌচাক, মালিবাগ, মগবাজার ও বাংলামোটর এলাকায় কিছু সময়ের জন্য তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে জামায়াতে ইসলামীর যেসব শীর্ষ নেতা আটক রয়েছেন তাদের আগামী নির্বাচনের আগেই আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, দলের নেতাদের নামে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি। সরকারের নির্দেশিত ছকে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সেখানে ন্যায় বিচার যাওয়া যাবে বলে দাবি করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারের সাথে সমঝোতা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকারের সাথে সমঝোতার প্রশ্নই আসে না, তারা পরিকল্পিতভাবে আন্দোলনের নামে রাজপথ দখল করে নৈরাজ্য সৃষ্টি করছে।