শাহবাগে ‘গণ জাগরণ মঞ্চে’ আজ ৩টায় মহাসমাবেশ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫
জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধী ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে আজ শুক্রবার মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঐ চত্বরকে আন্দোলনকারীর ‘গণ জাগরণ মঞ্চ’ নামকরণ করেছে।
গত বুধবার রাতে শাহবাগে সড়ক অবরোধ থেকে মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে আন্দোলনরতরা ঘোষনা দেন, আজ বিকাল তিনটায় শাহবাগে মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশ মঞ্চে ব্লগার ও ফেসবুক এক্টিভিস্ট নেটওয়ার্ক, সাংস্কৃতিক কর্মী ও যুব সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন। কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিবেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। সমাবেশে ব্যানার নিয়ে না আসার জন্যও অনুরোধ জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। সমাবেশে কয়েকলাখ মানুষ সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।