সীতাকুণ্ডে জামায়াত নেতাকে গ্রেফতারের প্রতিবাদে গাড়িতে আগুন, ভাংচুর
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৭
সীতাকুণ্ড উপজেলা জামায়াতে সেক্রেটারী ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোস্তফা নূরকে বুধবার গভীর রাতে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ সীতাকুণ্ড সদরে তার বাসা থেকে গ্রেফতার করে। পরে তাকে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার ও বুধবার জামায়াতের ডাকা হরতালে গাড়ী জ্বালিয়ে দেয়া, মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে দ্রুত বিচার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এডভোকেট মোস্তফা নূরকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বিভিন্নস্থানে ১০/১২টি গাড়ী ভাঙচুর করে। বাঁশবাড়ীয়া ইউনিটেক্স কারখানার সামনে পণ্যবাহী একটি পিকআপ ভ্যান ও কার্ভাড ভ্যান পেট্টোল ঢেলে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। কাভার্ড ভ্যানে প্রায় কোটি টাকা গার্মেন্টস পণ্য পুড়ে যায়। এসময় তারা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। শিবির কর্মীরা এসময় মুখে মুখোশ পরা ছিলো বলে স্থানীয়রা জানিয়েছেন। ৯টার পর ঘটনাস্থলে পুলিশ আসলে শিবির কর্মীরা পালিয়ে যায়।