জাতীয় সংসদে ৩ মার্চ ভাষণ দেবেন ভারতের রাষ্ট্রপতি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৭
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে জাতীয় সংসদ সচিবালয় প্রস্তুতি নেয়া শুরু করেছে। আগামী ৩ মার্চ রবিবার চলতি ষোলতম অধিবেশনের বিশেষ বৈঠকে জাতীয় সংসদে ভারতের রাষ্ট্রপতির ভাষণ দেয়ার কথা রয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকশিমনের সাথে সে দেশের উচ্চ পর্যায়ের একটি দল জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, ভারতীয় অগ্রবর্তী দল আসার বিষয়টি আগেই জানানো হয়েছিল। সে অনুযায়ী গতকাল সকাল আটটার দিকে দলটি সংসদ ভবন পরিদর্শনে আসে। সূত্র জানায়, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হবে। দু’পর্বে প্রথমে ভারত ও পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবে তার স্ত্রী থাকবেন এবং তিনি ৫ মার্চ দিল্লি ফিরে যাবেন।
ভারতের রাষ্ট্রপতি বাংলা নাকি ইংরেজী ভাষায় ভাষণ দেবেন সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। সংসদ সচিবালয় সূত্র জানায়, প্রণব মুখার্জী ভারতের রাষ্ট্রপতি হলেও তিনি বাংলা ভাষায় কথা বলতে পারেন। তবে যেহেতু বিদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে আসবেন সেহেতু ইংরেজি ভাষায় ভাষণ দেয়ার কথা চিন্তা করা হচ্ছে। ভাষণ বাংলা নাকি ইংরেজিতে দেবেন তা চূড়ান্ত করা হবে চলতি মাসের শেষ সপ্তাহে। সংসদ অধিবেশনে ৩ মার্চ বিকাল ৫টায় প্রণব মুখার্জী প্রবেশ করে ভাষণ দিয়ে চলে যাওয়ার পর রেওয়াজ অনুযায়ী স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট অধিবেশন নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করবেন। সংসদ সচিবালয় জানায়, ১৯৭৩ সালের জানুয়ারি মাসে তদানিন্তন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো এবং ১৯৭৪ সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি ভি ভি গিরি বাংলাদেশ সফরে এসে জাতীয় সংসদে ভাষণ দিয়েছিলেন। আর সে সময় দু’বার সংসদের বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছিলো। এবার এ ধরনের তৃতীয় বৈঠক হবে।