পদত্যাগ করতে চাচ্ছেন জাপানের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৩
মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চাচ্ছেন জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাসাকি শিরাওয়াকা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন মেয়াদ শেষ হওয়ার তিন সপ্তাহ আগেই আগামী ১৯ মার্চ তিনি পদত্যাগ করতে চান। শিরাওয়াকা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি ১৯ মার্চ দায়িত্ব ছাড়তে চাই। ওই দিন দু’জন ডেপুটি গভর্নরেরও মেয়াদ শেষ হবে। নতুন গভর্নর ও দুই ডেপুটি গভর্নর যাতে একই দিনে কাজে যোগ দিতে পারে সে জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’ সরকারের শীর্ষ অর্থনীতি পরিষদে প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিজের ইচ্ছার কথা জানানোর পর সাংবাদিকদের এ তথ্য জানান শিরাওয়াকা। এদিকে মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যাংক অব জাপানের গভর্নর পদত্যাগের ইচ্ছা প্রকাশ করায় বিপাকে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী। কারণ নতুন গভর্নর নিয়োগের বিষয়টি নিয়ে তাকে নির্ধারিত সময়ের বেশ আগেভাগেই ভাবতে হচ্ছে।