বিল গেটস এবং ওয়ারেন বাফেটের পথে দক্ষিণ আফ্রিকার শীর্ষ ধনী মোসেপ

দরিদ্র মানুষের জীবন মানোন্নয়নে নিজ সম্পদের অর্ধেক দান করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি পেট্রিয়াক মোসেপ। দক্ষিণ আফ্রিকার প্রথম ও একমাত্র কৃষ্ণাঙ্গ বিলিয়নিয়রও তিনি। খনি শিল্পের মাধ্যমে অঢেল সম্পত্তি অর্জন করেন তিনি। তিনি বলেছেন, মোসেপ ফাউন্ডেশনের মাধ্যমে এই অর্থ দরিদ্রদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা দেয়ার জন্য ব্যয় করা হবে। বিশ্বের শীর্ষ দুই ধনী ব্যক্তি বিল গেটস ও ওয়ারেন বাফেটের মানব সহায়তায় নিজেদের বেশিরভাগ সম্পদ দান করে দেয়ার দৃষ্টান্তই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ২০১০ সালে বিল গেটস ও বাফেটের শুরু করা ‘দ্য গিভিং প্লেজ’ প্রচারণাতেও তিনি যোগ দেবেন। ইতিমধ্যে বিশ্বের ৭০ জন বিলিয়নিয়র এই প্রচারণাতে যোগ দিয়েছেন। ফর্বস ম্যাগাজিনের মতে মোসেপের নিট সম্পদ দুই দশমিক ৬৫ বিলিয়ন ডলার। বিল গেটস এই সিদ্ধান্ত নেয়ায় মোসেপকে অভিনন্দন জানিয়েছেন।