চীনে ধানের ন্যূনতম মূল্যবৃদ্ধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৪
কৃষকদের শস্য উত্পাদনে উত্সাহিত করতে ও উত্পাদন বাড়াতে রাষ্ট্রীয়ভাবে সংগ্রহকৃত ধানের ন্যূনতম মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) এক বিবৃতিতে জানায়, ধানের রাষ্ট্রীয়ভাবে সংগৃহীত মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মৌসুমের প্রথমদিকে ইন্ডিকা ধানের দাম প্রতি টনে ৪২০ ডলার (২৬৪০ ইউয়ান) বাড়ানো হবে, যা গত বছরের নির্ধারিত দামের চেয়ে ১০ শতাংশ বেশি। আর মৌসুমের মধ্য ও শেষ দিকে উত্পাদিত ইন্ডিকা ও জাপোনিকা ধানের দাম বাড়ানো হবে যথাক্রমে ২৭০০ ও ৩০০০ ইউয়ান। যা গত বছরের দামের তুলনায় যথাক্রমে আট ও সাত দশমিক ১৪ শতাংশ বেশি। দেশটির প্রধান শস্য উত্পাদনকারী ১৩ টি প্রদেশ ও এলাকায় এই নীতি কার্যকর হবে। এগুলো হলো লিয়াওনিং, সানদোং, ঝিলিন, ইনার মঙ্গোলিয়া, জিয়ানঝি, হুনান, সিয়াচেন, হেনান, হুবেই, জিয়ানসু, আনহুই এবং হেইলোন ঝিয়াং। ২০০৪ সাল থেকে গম ও ধানসহ শস্য সংগ্রহে সর্বনিম্ন মূল্য নির্ধারণ কার্যক্রম শুরু করে চীন সরকার। শস্য উত্পাদন বেড়ে গেলে বাজারে এর মূল্য কমে গেলে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার নির্ধারিত দামে শস্য কিনে মজুদ রাখে।