স্যুট-বুট আর ঘাগরার সাজে আমির খান
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৪
আমির খান ২০০৬ সালে এক সাক্ষাত্কারে বলেছিলেন, ‘এবার থেকে বলিউডে আমি যা করব সেটা হবে একদম আলাদা।’ আর সেই কথাই রেখে চলেছেন বলিউড পারফেক্টসনিস্ট। ‘তারে জমিন পর’, সিনেমায় নিকুম্ভ স্যার কিংবা ৪৪ বছর বয়সে ‘থ্রি ইডিয়টস’-এ কলেজ ছাত্রের ভূমিকায় অভিনয় করে আমির খান প্রমাণ করে দিয়েছেন তাকে অনায়াসেই ব্যতিক্রমী খান বলা যায়। সেই আমির আবার নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন। রাজকুমার হিরানির নতুন সিনেমা ‘পিকে’তে তাকে এমন পোশাক পড়তে দেখা গেল যা বলিউডে এর আগে কাউকেই দেখা যায়নি। ‘থ্রি ইডিয়টস’-এর পর রাজকুমার হিরানির সঙ্গে দ্বিতীয় ছবিতে অভিনয় করতে নেমে আমির খান পরলেন ব্লেজারের সঙ্গে ঘাগরা। বলিউডে যে পোশাক আর অন্য কাউকে পরতে দেখা যায়নি। ছবিতে আমির ঠিক কোন রোলে অভিনয় ক রছেন তা জানা যায়নি এখনো। কিন্তু এই অদ্ভুত পোশাকটিই বলে দিচ্ছে যে নতুন একটা কিছু করতে চলেছেন মিস্টার পারফেক্টসনিস্ট। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো আমির খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করছেন। এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন আনুশকা শর্মা, সুশান্ত সিং। পাশের ছবিটি রাজস্থানে ‘পিকে’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তোলা।