ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৫
মানসম্মত অনুষ্ঠান নির্মানে নন্দিত দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম পরিবেশন করা হয়। এটিএন কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে গত ১ যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার বিশেষ এই ‘পাঁচফোড়ন’ প্রচার হবে।
এবারের ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে ভালোবাসা দিবসে তিন বন্ধুর গল্পের মাধ্যমে। প্রেমে ব্যর্থ এক বন্ধুর বাসায় বেড়াতে আসে তার দুই বন্ধু। তারপর বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। সেখান থেকে বিভিন্ন স্থানে। চলার পথে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। এইসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে।