রোনালদোর হতাশা ভোলার মিশন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩০
আজকের ম্যাচ
মায়োর্কা ওসাসুনা
সেল্টা ভিগো ভ্যালেন্সিয়া
লেভান্তে মালাগা
দেপোর্তিভো লা করুনা গ্রেনাডা
রিয়াল মাদ্রিদ সেভিয়া
লড়াইটা দুজনের! মেসি ও রোনালদোর; লা লিগা যেন এক সেরা নির্বাচনের মঞ্চ। তবে, সেরা দৌড়ে এখন অনেকটাই পিছিয়ে পড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গত চারবারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বার্সেলোনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজেকে ফিরে পাওয়ার লড়াই রোনালদো ভালো ভাবেই নিজেকে চেনাতে শুরু করলেও গত ম্যাচেই ঘটিয়েছেন গোলমাল! যাকে নিয়ে বিপক্ষ দলের গোলরক্ষক আর ডিফেন্ডারদের তটস্থ থাকতে হয় তিনিই কিনা বল জড়িয়েছেন নিজের পোস্টে। আর তার গোলেই ডুবতে হয় রিয়ালকে; ১-০ গোলে তারা হারে পুঁচকে দল গ্রেনাডার বিপক্ষে। তাই আজ নিজেদের মাঠ বার্নাব্যু স্টেডিয়ামে সেভিয়ার বিপক্ষে নিজের হতাশা ভোলার মিশন নিয়ে মাঠে নামছেন রোনালদো।
জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেলে ক্লাবে ফিরেছেন লা লিগার খেলোয়াড়রা। আজকের দিনে অনুষ্ঠিত হবে আরও চারটি ম্যাচ। ম্যাচগুলোতে মুখোমুখি হবে মায়োর্কা - ওসাসুনা, সেল্টা ভিগো - ভ্যালেন্সিয়া, লেভান্তে - মালাগা, দেপোর্তিভো লা করুনা - গ্রেনাডা।
জাতীয় দলের হয়ে নিজেদের শেষ ম্যাচে বাজে ভাবে হেরেছে পর্তুগাল। তাই নিজে গোল করেও জয়ের দেখা পাননি রোনালদো। ইকুয়েডরের কাছে ৩-২ গোলে হারে তার দল। আর বর্তমানে সমস্যায় জর্জরিত রিয়াল মাদ্রিদ দলে তাকে গণমাধ্যমের সাথে নানা বিষয় নিয়েই কথা বলতে হচ্ছে। এর মধ্যে আছে কোচের ব্যাপারও। এক সাক্ষাত্কারে রোনালদো কোচ হোসে মরিনহোর ব্যাপারে বলেন, ‘তার গন্তব্য কোথায় তার ব্যাপারে আমি কিছুই জানি না। তবে, আমি বিশ্বাস করি তিনি এই মৌসুমের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। তিনি দলের আরও জয় দেখতে চান। চান দল আরো শিরোপা জয় করুক। তবে, মৌসুম শেষে তিনি কি করবেন সেটা আমার জানা নেই। তখন ক্লাব ও তার নিজের জন্য যেটা ভালো মনে করবেন সেটা তিনি নিজেই বুঝবেন। তবে, এই মুহূর্তে ক্লাব বা তিনি নিজে কি ভাবছেন সেই ব্যাপারে আমার কিছু জানা নেই। আর এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমার কোন মন্তব্য করাও ঠিক নয়।’ রিয়াল মাদ্রিদ দলের ভিতরের খবর বলতে গিয়ে তিনি বলেন, ‘দল এখন বেশ ভালো অবস্থায় আছে। এখন সব সমস্যার সমাধান হয়েছে। এখন ড্রেসিং রুম যেমন থাকার কথা তেমনই আছে।’
ফিফা ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। সেরা কোচ হওয়ার দৌড়ে মরিনহো নিজেও ছিলেন। রোনালদো বলেন, ‘কোচের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তিনি জানেন সামনে তার জন্য এবং ক্লাবের সবার জন্য কি অপেক্ষা করছে। আমার মতে তিনি অন্য কারও চেয়ে বেশি বুদ্ধিমান। আর লোকে যা চায় তাই বলতে পারে। তবে, সব সময় লোকের কথায় কান দেয়াটা বুদ্ধিমানের কাজ নয়।’
‘বুদ্ধিমান’ রোনালদো আজ স্বরূপে ফিরতে পারেন নাকি, এখন এটাই দেখার বিষয়!