নতুন ভূমিকায় বেকহ্যাম
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩০
নতুন ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনয়ে (পিএসজি) নিয়মিতই সেরা একাদশে জায়গা পাওয়ার আশা করছেন না ডেভিড বেকহ্যাম। তবে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রায়ান গিগস ও পল স্কোলস যে ভূমিকা পালন করতেন নতুন ক্লাবে একই ভূমিকা পালন করতে চান বলে জানালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
গত মাসে দলবদলের শেষ দিনে শেষ মুহূর্তে লিগ ওয়ানে বিপুল অর্থ খরচ করা দলটিতে যোগ দিয়ে বিস্ময় সৃষ্টি করেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ৩৭ বছর বয়সী বেকহ্যাম।
তার দলবদলটা সমগ্র বিশ্বেই গণমাধ্যমের আকর্ষণ সৃষ্টি করে। তবে মাত্র পাঁচ মাসের চুক্তি এবং তার প্রাপ্ত পারিশ্রমিকে প্যারিসে শিশুদের একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করতে রাজি হওয়ার পর মাঠে এখনো তার সক্ষমতার প্রমাণ দিতে চান বেকহ্যাম।
বয়স ত্রিশ পেরিয়ে গেলেও সাবেক দুই সতীর্থ খেলোয়াড় গিগস এবং স্কোলস এখনো একটা বিশেষ উদ্দেশ্য পালনের জন্য ম্যানইউতে খেলছেন এবং তাদের ভূমিকাটাই বেকহ্যামের কাছে অনুসরণীয়।
এক সাক্ষাত্কারে বেকহ্যাম বলেন, ‘হতে পারে মাঠের বাইরে হয়তোবা আমি একটা ভাল প্রভাব সৃষ্টি করতে পারবো। কিন্তু মাঠেও আমি সফল হতে চাই। আমি সেরা হতে এবং শিরোপা জিততে চাই। আমার পুরো খেলোয়াড়ি জীবনে আমার মানসিকতা এটাই। আপনার মোটিভেশন কখনো পরিবর্তন হবে না। এমন মোটিভেশনে একবার আপনি অভ্যস্ত হয়ে গেলে সারা জীবনই তা থাকে।’
বেকহ্যাম আরও বলেন, ‘রায়ান গিগস কিংবা পল স্কোলের মত খেলোয়াড়রা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব ম্যাচে খেলে না। কিন্তু যখন খেলে তখন তারাই হয় ম্যাচের বড় অনুপ্রেরণা। সুতরাং সফলতা পেতে আমি সেটা অব্যাহত রাখতে চাই।’ গত ডিসেম্বরে মেজর লিগ সকারের মৌসুম শেষে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ছাড়ার পর থেকে বেকহ্যাম পুরোপুরি খেলার বাইরে আছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের সঙ্গে তিনি কিছুদিন অনুশীলন করেছেন। তবে লিগ ওয়ানে খেলতে প্রস্তুতির জন্য তিনি কিছুটা সময় নেবেন বলে জানান বেকহ্যাম। বেকহ্যাম বলেন, ‘শারীরিকভাবে আমি খুব ভাল বোধ করছি। দলের বাকি সদস্যদের সঙ্গে গতির তাল মেলাতে আমাকে কমপক্ষে দুই সপ্তাহ ব্যয় করতে হবে। তবে সব সময়ের জন্যই আমি পুরোপুরি ফিট বলে মনে করি। আমি কিছুটা সময় নিয়েছি এবং আর্সেনালের সঙ্গে দুদিন অনুশীলন করেছি এবং একবার দলের সঙ্গে অনুশীলন শুরু করলে আমি আমার সেরা গতিতে ফিরতে পারবো বলে মনে করছি। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি খেলতে চাই।’ —বাসস/এএফপি