হাকালুকি মাষ্টারবাড়ি লক্ষ পাখির কলকাকলিতে মুখরিত
আব্দুল খালিক, বিয়ানীবাজার সংবাদদাতা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৩
বড়লেখার হাকালুকি হাওর পারের তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের মনোহর আলী মাষ্টারের পতিত বাড়ীটি বছর জুড়েই পাখির কলকাকলিতে মুখরিত থাকে। তবে শীতের আগমনী বার্তার সাথে সাথে পাখির সমাগমও বৃদ্ধি পায়। এ পাখি বাড়ীর অবস্থান বড়লেখা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া।
হাকালুকি হাওরের পাখি অভয়াশ্রম কাজে জড়িত এনজিও সংস্থা সিএনআরএসের লেখা সাইনবোর্ডে মনোহর আলী মাষ্টারের পতিত বাড়ী লেখা থাকলেও প্রকৃতপক্ষে এখানে পাঁচটি পরিবার তাদের আপন মমতায় পাখিদের সাথে বসবাস করে আসছে। এমন কথা জানালেন মৃত মনোহর আলী মাষ্টারের ছেলে স্বপন আহমদ (২২)। স্বপন জানালেন, ‘তারও জন্মের পূর্বে থেকে তাদের বাড়ীতে পাখির নিরাপদ আবাসস্থল ছিল। প্রায় পাঁচ একর জায়গা জুড়ে বছর চারেক ধরে সারা বছর পাখির বিচরণ থাকে।
এ বাড়ীই ছয়দুল ইসলাম (২৫) জানালেন, এখানে পাখি আসায় অনেক সময় পাখি শিকারীদের অনেক হুমকি-ধমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। রাতের আঁধারে পাখি শিকারীরা বন্দুক দিয়ে গুলি করে পাখি শিকারের চেষ্টা চালালে জীবনের ঝুঁকি নিয়ে তা প্রতিহত করেন।’ পাখি অভয়াশ্রমের কাজে জড়িত এনজিও সংস্থা সিএনআরএস এর বড়লেখা অফিসের ফিল্ড অফিসার মাহমুদুল হাসান জানান, ‘পাখির অভয়াশ্রমে প্রকৃতপক্ষে পাহারাদার নেই। হাকালুকি হাওরে বিলের বিসিজি লোকেরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে পাখি দেখভাল করেন।’