উখিয়ায় জরাজীর্ণ ভবনে দাপ্তরিক কার্যক্রম
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৩
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের একাধিক জরাজীর্ণ ভবনে চলছে দাপ্তরিক কার্যক্রম। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় কর্মকর্তারা ঝুঁকি নিয়ে মেয়াদোর্ত্তীণ এসব সরকারি ভবনে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ভবনগুলো যে কোন মুহূর্তে ধসে পড়ে প্রাণহানির সম্ভাবনা থাকলেও করার কিছুই নেই বলে জানালেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উখিয়া তহশিল অফিস, উপজেলা পল্লী উন্নয়ন ভবনের দেয়াল ফেটে চৌচির হয়ে গেছে। বর্ষাকালে এসব ভবন থেকে বৃষ্টির পানি নির্গত হয়ে সরকারি মূলবান নথিপত্র নষ্ট হয়ে যাচ্ছে। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব ভবনে ঝুঁকির মুখে অফিসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ভবনগুলো নতুন করে নির্মাণের ব্যাপারে প্রস্তাব পেশ করা হলেও তা বাস্তবায়নের কোন অগ্রগতি নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ভবনগুলো পরিত্যক্ত হিসাবে গণ্য করা হয়েছে। নতুন করে ভবন নির্মাণে এখনো বরাদ্দ আসেনি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাবধানতা অবলম্বন করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।