নিপাহ ভাইরাস

রামেক হাসপাতালে আরো দুই রোগীর মৃত্যু

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন আরো দুই রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উভয়ের মৃত্যু হয়। এরা হলেন:চাঁপাইনবাবগঞ্জের জগন্নাথপুরের জেমস (১৪) ও নাটোরের বড়াই গ্রামের ইসরাফিল (৩৫)। এ নিয়ে চলতি বছর রামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় নিপাহ ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৬-এ। এছাড়া আরো চারজন এখনো রামেক হাসপাতালে চিকিত্সাধীন। রামেক সূত্রে জানা যায়, জেমসকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এবং ইসরাফিলকে রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে উভয়কে ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তির পর সেখানেই জেমস মারা যায়। পরে নিপাহ ভাইরাসে আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ডে নেয়ার পর ইসরাফিল মারা যায়। উভয়ে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল বলে চিকিত্সকরা নিশ্চিত করেছেন। প্রসঙ্গত নিপাহ ভাইরাসে আক্রান্ত নওগাঁর কৃষ্ণপুর গ্রামের সাগর (৮), গোদাগাড়ী সদরের রাখি (৩), নলডাঙ্গার আম্বিয়া খাতুন (২৮) ও চাটমোহরের কাটাখালি গ্রামের মোহাম্মদ আলী জিন্নাহ (৪৮) ইতিপূর্বে রামেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।