মনোহরগঞ্জে ডাকাতি মামলায় এলজি ও গুলি উদ্ধার

গত বুধবার রাতে উপজেলার দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ১টি দেশি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, গত ১৬ জানুয়ারি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভাউপুর গ্রামে আমেরিকা প্রবাসী আব্দুল মালেক মানিকের বাড়িতে ডাকাতি শেষে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় জনরোষে ৫ জন ডাকাত নিহত হওয়ার ঘটনায় প্রবাসী বাড়ির মালিকের স্ত্রী তারিন আক্তার ওরফে তামান্না (৩০) বাদী হয়ে ১০/১২ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে। দায়েরকৃত মামলায় মনোহরগঞ্জ থানা পুলিশ মামলার ১নং আসামি উপজেলার দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামের মুসলেহউদ্দিন মামুনকে (৩৫) গ্রেফতার করে। আদালত মামুনকে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে মামুনের দেয়া তথ্য অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা মনোহরগঞ্জ থানার এসআই আতিকুর রহমান মামুনের বাড়ি থেকে ৩শ’ গজ দূরে একটি বাঁশঝাড়ের নিচ থেকে ১টি দেশি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। এ বিষয়ে মনোহরগঞ্জ থানায় মামুনকে আসামি করে অস্ত্র আইনে ১টি মামলা রুজু হয়।