ভারতে হাজার হাজার
শিশু ধর্ষণের শিকার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৭
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউমান রাইটস ওয়াচ বলছে, ভারতে কয়েক হাজার শিশু প্রতিবছর ধর্ষণ এবং যৌন নিপীড়নের শিকার হচ্ছে। আর এই ধর্ষণ বা যৌন নিপীড়ন চালাচ্ছেন শিশুটির খুব পরিচিত মানুষরাই। যৌন নিপীড়নের পরে পুলিশের কাছে আবার এবং বিচারব্যবস্থার সামনেও তৃতীয়বারের মতো মানসিকভাবে হেনস্থা হতে হচ্ছে ওই শিশুদের। হিউমান রাইটস ওয়াচ বলছে, ভারতের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারগুলো শিশুদের ওপরে যৌন নিপীড়ন রুখতে খুব সচেষ্ট নয়।
মানবাধিকার সংগঠনটি বলছে, ভারতে শিশুদের ধর্ষণ আর যৌন নিপীড়নের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রতিবছর সদ্যোজাত শিশুসহ প্রায় সাত হাজার শিশু ভারতে ধর্ষিত হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ জমা পড়ার সংখ্যা এটা। হিউমান রাইটস ওয়াচ বলছে, আরও বহু ঘটনার অভিযোগই জমা পড়ে না। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ওই সংস্থাটি বলছে, শিশুদের ওপরে যৌন নিপীড়ন চালাচ্ছেন এমন মানুষরা যাদের ওপরে তারা খুবই ভরসা করে থাকে। যেমন পরিবারের লোকজন, স্কুলের শিক্ষক বা হোস্টেলে শিশুদের দেখ-ভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা।
হিউমান রাইটস ওয়াচের মুখপাত্র মীনাক্ষি গাঙ্গুলি বিবিসি বাংলাকে বলছিলেন, “প্রথমত তো শিশুরা যৌন নিগ্রহের ব্যাপারটাই ঠিক বুঝে উঠতে পারে না। যদি বা বাবা-মাকে তারা ঘটনাটা বলতেও পারে, বাচ্চাদের কথা অনেকেই বিশ্বাস করতে চান না। কারণ খুব চেনা লোকজনরাই অত্যাচারটা করছেন। মায়েরা যখন ওই সব চেনা মানুষকে চেপে ধরছেন, তখন মায়েদের ওপরেও অত্যাচার চলছে— এরকম ঘটনাও দেখেছি আমরা।”