জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়া

রাশিয়ার দুটো জঙ্গি বিমান বৃহস্পতিবার জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে। উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের কাছে এক মিনিটের কিছু বেশি সময়ের জন্য রাশিয়ার বিমানের উপস্থিতি লক্ষ্য করার পর এর প্রতিবাদ জানায় জাপান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। তবে রাশিয়ার সেনাবাহিনী বিরোধপূর্ণ দ্বীপের কাছে জঙ্গি বিমান অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করে বলেছে, বিমানগুলো ওই এলাকায় নিয়মিত উড্ডয়ন মিশনে ছিল। রাশিয়ার কাছে দক্ষিণাঞ্চলীয় কুরিল এবং জাপানের কাছে উত্তরাঞ্চলীয় এলাকা হিসেবে পরিচিত ৪টি দ্বীপ নিয়ে দুদেশের মধ্যে ৬০ বছর ধরে বিরোধ চলছে।জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রাশিয়ার সঙ্গে দ্বীপ নিয়ে এ বিরোধ নিষ্পত্তির পথ খুঁজছেন বলে জানানোর পর সেখানে রুশ জঙ্গি বিমানের আকাশসীমা লঙ্ঘনের ওই ঘটনা ঘটলো। জাপানের কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার দুটি এসইউ-২৭ জঙ্গি বিমান উত্তরের অঞ্চলে যাওয়ার আগে জাপান সাগরের ওপর দিয়ে দক্ষিণে উড়ে যায়। এর জবাবে জাপানও ওই এলাকায় এফ-২ জঙ্গি বিমান পাঠায়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া ফেডারেশনের সামরিক জঙ্গি বিমান হোক্কাইডো দ্বীপের রিশিরি দ্বীপের কাছে জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে।