গাভাস্কারের পাশে শচিন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩০
আরো একটি উচ্চতা ছুঁলেন শচিন টেন্ডুলকার, বসলেন আরেক প্রবাদপ্রতীম সুনীল গাভাস্কারের পাশে। গতকাল শুক্রবার ইরানি কাপে নিজের ৮১তম সেঞ্চুরিটি হাঁকিয়ে এ কৃতিত্ব দেখান তিনি।
শচিনের আগে ভারতের হয়ে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির সেঞ্চুরি ছিল গাভাস্কারের। কিন্তু কাল রেস্ট অফ ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে মেজাজের সেঞ্চুরি করে সে কৃতিত্বে ভাগ বসান মুম্বাইয়ের হয়ে খেলা শচিন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচদিনের এই প্রথম শ্রেণির ম্যাচটি চলছে। তাতে শচিন শুধু সেঞ্চুরিই করেননি, প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলকও পেরিয়ে যান।
সুনীল গাভাস্কার ৩৪৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৮১টি সেঞ্চুরি করেন। মোট সংগ্রহ ছিল তার ২৫,৮৩৪ রান। সেখানে শচিন বর্তমানে খেলছেন ৩০৩তম প্রথম শ্রেণির ম্যাচ।
রেস্ট অফ ইন্ডিয়া প্রথম ইনিংসে ৫২৬ রান সংগ্রহ করে। জবাবে মুম্বাই কাল তৃতীয় দিনে ৪০৯ রানে অলআউট হয়। শচিন ১৪০ রানে অপরাজিত ছিলেন। ১৩৯ বলের মোকাবেলায় ২২৮ মিনিটে সেঞ্চুরিটি হাঁকান তিনি। এতে ছিল ১২টি চার ও দুটি ছক্কা। সব মিলিয়ে ১৯৭ বলের ইনিংসে ১৮টি বাউন্ডারি এবং দুটি ছক্কা হাঁকান শচিন। প্রথম শ্রেণিতে শচিনের মোট রান এখন ২৫,০৩৬।
দীর্ঘদিন গাভাস্কারের সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটি অধরা ছিল। বর্তমানে ৩৯ বছর বয়সী শচিন ছুঁয়ে দিলেন সে রেকর্ড। এখন ভেঙে দেয়ার পালা। ইরানি কাপে এটি শচিনের দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি এসেছিল যখন তিনি ১৬ বছর বয়সের। প্রতিপক্ষ ছিল দিল্লি।
শচিন ৪৩তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮১টি সেঞ্চুরি করলেন। প্রথম শ্রেণিতে সর্বাধিক সেঞ্চুরির মালিক ইংল্যান্ডের জ্যাক হবস (১৯৯টি সেঞ্চুরি)। শচিনের প্রথম শ্রেণির সেঞ্চুরিটি এসেছিল এই মাঠেই গুজরাটের বিপক্ষে ১৯৮৮ সালের ডিসেম্বর।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় কিংবদন্তি এই ব্যাটসম্যান ১০০টি সেঞ্চুরি করেছেন। ৫১টি টেস্টে এবং বাকি ৪৯টি সেঞ্চুরি রয়েছে ওয়ানডেতে। সম্প্রতি পাকিস্তান ভারত সফরে এসেছিল। এই সিরিজের আগে শচিন ওয়ানডে থেকে অবসর নেন।