পেশাদার ফুটবল লিগ
ঢাকা ও গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ম্যাচ আজ
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
ঢাকায় মোহামেডান ও শেখ রাসেল এবং গোপালগঞ্জে শেখ জামাল ও মুক্তিযোদ্ধা ম্যাচ আজ। পেশাদার লিগের শিরোপা লড়াইয়ে উভয় খেলাই গুরুত্বপূর্ণ।
শক্তিশালী শেখ রাসেলের সামনে তুলনায় দুর্বল মোহামেডান। পয়েন্ট ব্যবধানেও শেখ রাসেল (২২) এবং মোহামেডানের (১৩) দূরত্ব অনেক। তারপরও আজ এই দুই দলের এ লড়াই কঠিন হতে পারে। প্রথম পর্বে মোহামেডানের কাছে ৪-১ গোলের শোচনীয় ব্যবধানে হেরেছিল শেখ রাসেল। সেই হারের কারণে এককভাবে শীর্ষস্থান ধরতে পারেনি শেখ রাসেল। তাই আজ শেখ রাসেলের জন্য মোহামেডানের মোকাবেলা মানে শীর্ষে ওঠার পাশাপাশি প্রতিশোধের ম্যাচ। তাছাড়া গত ম্যাচে বিজেএমসির বিরুদ্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয়ের কারণে শেখ রাসেল এখন উজ্জীবিতও। লিগের অন্যতম সেরা ম্যাচ ছিল সেটি। দলের হাইতির ফরোয়ার্ড সনি নরডে নিজে দুই গোল করার পাশাপাশি অপর দুটিতে জোগান দিয়ে প্রায় একাই ম্যাচটা বের করে নিয়ে গিয়েছিলেন। তেড়েফুড়ে বেরিয়ে যাওয়ার অসাধারণ দক্ষতা রয়েছে এই ফুটবলারের।
মোহামেডান খেলোয়াড়রা অবশ্য টানা দুই ম্যাচে হারের কারণে মানসিক বিপর্যয় কাটাতে পারছেন না। একটা জয় পেলে আবার গতি ফিরতে পারে তাদের। ব্রাদার্সের কাছে ৪-১ এবং শেখ জামালের কাছে ১-০ গোলে হেরে ছয় পয়েন্ট হারিয়েছে মোহামেডান। হারের কারণে খেলোয়াড়রাও চাপের মধ্যে রয়েছেন। শেখ রাসেলকে হারাতে পারলে মোহামেডান পয়েন্ট টেবিলের কিছুটা উপরে উঠতে পারবে।
পেশাদার লিগের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিক মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মুক্তিযোদ্ধা ১০ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর শেখ জামাল সমান খেলায় ২২ পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। পেশাদার লিগের পরিসংখ্যানে এই দুই দল এপর্যন্ত পাঁচ বার মুখোমুখি হয়। দুই বার করে জিতেছে দুই দল, একটি ড্র রয়েছে। ম্যাচ শুরু হবে বিকাল তিনটায়।