দায়মুক্ত হলেন অনটং

বল টেম্পারিং-এর অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলার জাস্টিন অনটং। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বিরুদ্ধে ম্যাচে কেপ কোবরাসের অধিনায়ক অনটং-এর বিরুদ্ধে বল টেম্পারিং-এর অভিযোগ আনে প্রতিপক্ষ। এরপর ‘বলের আকার পরিবর্তন’ সংক্রান্ত অভিযোগে শৃংখলাজনিত এক শুনানিতে ডাকা হয় অনটংকে। কিন্তু এরপর তাকে অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করা হয়।বলটি পরীক্ষা করার জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ার কুকাবুরাতে পাঠানো হলে প্রতিষ্ঠানটির ডিরেক্টর রব ইলিয়ট বলটি টেম্পারিং-এর বিষয়ে নিশ্চিত হতে পারেননি। ক্রিকেট সাউথ আফ্রিকার ডিসিপ্লিনারি কমিশনার প্রফেসর রায়ান ক্লোটে বলেন, ‘প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে এবং অন্যান্য প্রমাণের অভাবে বল টেম্পারিং-এর অভিযোগের কোন সত্যতা আমি পাইনি। ম্যাচ রিপোর্টেও এমন কোন অভিযোগ ছিল না।’—বাসস