অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি- দলে নতুন মুখ পাঁচজন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
ব্রিসবেনে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠেয় একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাঁচটি পরিবর্তন এনে গতকাল শুক্রবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
এদের মধ্যে অস্ট্রেলিয়া দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বেন রোরার, নাথান কুলটার নাইল এবং জোস হ্যাজেলউড। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে নিয়মিত দলের পাঁচজন ভারতে যাওয়ায় দলে এই নতুন মুখগুলো আনতে বাধ্য হয় অস্ট্রেলিয়া। উইকেটরক্ষক ব্র্যাড হাডিন এবং পেসার ক্লিন্ট ম্যাককে ইতোপূর্বে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলেছেন।
বুড়ো আঙ্গুলের ইনজুরি থেকে সেরে ওঠা ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, মিশেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল এবং জেভিয়ার ডোহার্টি আগামী বুধবার ম্যাচের দিন ভারতে থাকবেন।
দল নির্বাচক কমিটির চেয়ারম্যান জন ইনভেরাটি বলেন, ‘বিগ ব্যাশ লীগে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মিডল অর্ডারে দারুণ কার্যকর ছিলেন বেন রোরার এবং পুরো গ্রীষ্মেরই তিন ফরম্যাটেই খুব ভাল করেছেন নাথান কুলটার নাইল।’
অস্ট্রেলিয়া দল : জর্জ বেইলি (অধিনায়ক), নাথান কুলটার নাইল, বেন কার্টিং, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন, জোশ হ্যাজেলউড, বেন লাফলিন, ক্লিন্ট ম্যাককে, শন মার্শ, বেন রোরার, এডাম ভোগস। বাসস