বঙ্গোপসাগরে মাছ ধরতে
গিয়ে ৫ জেলে অপহূত
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২১
বলেশ্বর মোহনা সংলগ্ন ১০-১৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরের অর্ধশতাধিক মাছ ধরা ট্রলারে গণ ডাকাতি হয়েছে। ২০/২৫ জনের সশস্ত্র জলদস্যুরা দু’টি ট্রলারে করে সাগরে মাছ শিকার করে উপকূলে ফিরছে এমন ট্রলারে হামলা করে জেলেদের কাছ থেকে মাছ, জাল ও জ্বালানি লুট করে নেয়। এ সময় জলদস্যুদের গুলিতে এফবি ইসলাম ট্রলারের এক জেলে গুলিবিদ্ধ হয়। জলদস্যুরা মুক্তিপণের দাবিতে ছয়টি ট্রলারের পাঁচ জেলেকে অপহরণ করেছে। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে। এফবি শুকতারা ট্রলারটি ১৭ জেলে নিয়ে গতকাল আলীপুরে ফিরে আসলেও বাকি পাঁচটি ট্রলারের ৭৫ জন জেলের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
কুয়াকাটা-আলীপুর মত্স্য আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জেলেদের বরাত দিয়ে জানান, অন্তত অর্ধ-শতাধিক ট্রলারে ডাকাতি হয়েছে। তবে এখন পর্যন্ত মুক্তিপণ দাবি না করায় অপহূত জেলেরা কোথায় কিভাবে আছে তা জানা যায়নি।