যুদ্ধাপরাধী কাদের মোল্লার
রায়ের বিরুদ্ধে আপিল
করা হবে: দিলীপ বড়ুয়া
পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, যুদ্ধাপরাধী কাদের মোল্ল¬ার রায়ে জনগণের মতামত প্রতিফলিত হয়নি। কাদের মোল্লার ফাঁসির দাবিতে মুক্তিযুদ্ধের চেতনায় শাহবাগে নতুন প্রজন্মের ছাত্র-জনতার যে উত্তাল জাগরণ সৃষ্টি হয়েছে তা আজ টেফনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি সরকার কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার খাড়াবাগ গ্রামে গতকাল শুক্রবার কেন্দ্রীয় বৈদিক মঠ ও মিশন আশ্রমের নাটমন্দিরে সনাতন ধর্মীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি নাটমন্দির ও সংযোগ সড়ক উন্নয়নের আশ্বাস দেন।
স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী, জেলা প্রশাসক অনল চন্দ্র দাস, উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন, অমলানন্দ সরস্বতী ও মঠের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চিদানন্দ সরস্বতী (দিলীপ) প্রমুখ।