বিশ্ব গণমাধ্যমে
গণজাগরণের
খবর
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৩
একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত মঙ্গলবার থেকে চলা বিক্ষোভ বিশ্ব গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। বিবিসি, আল জাজিরা, এবিসিনিউজ, জি নিউজের মতো গণমাধ্যমের পাশাপাশি বার্তা সংস্থা এপি, রয়টার্স ও পিটিআইয়ে এ সংক্রান্ত কিছু প্রতিবেদন গুরুত্ব সহকারে প্রকাশ হয়েছে।
বিবিসি বাংলায় শিরোনাম হয়েছে, ঢাকায় মহাসমাবেশে লক্ষ মানুষের ঢল। এতে দুপুর থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকসমাগম শুরু হয় রাজধানীর শাহবাগ মোড়ে। যেখানে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অনলাইনকর্মী এবং ব্লগাররা এই আন্দোলনের সূচনা করেন।
গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের প্রধান টেলিভিশন চ্যানেল আল জাজিরার অন লাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি দাবি করে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। সামাজিক মাধ্যম ব্যবহারকারী ও ব্লগারদের ডাকে এ বিক্ষোভ হয়েছে। চলে আসা এ বিক্ষোভে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যোগ দিয়েছে। রাজধানীর শাহবাগ মোড়ে এ অবস্থানকারীরা এ বিক্ষোভ করছে। আব্দুল লতিফ নামে একজন বিক্ষোভকারী আল জাজিরাকে বলেন, আমাদের দেশের রাজনীতিকদের মনে করিয়ে দিতে চায় দেশের স্বার্থে মানুষ রুখে দাঁড়াতে পারে।
ভারতের বার্তা সংস্থা পিটিআই ও বেসরকারি টেলিভিশন চ্যানেল জি নিউজের অনলাইন এ বিক্ষোভ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামের নেতা কাদের মোল্লার দাবিতে বিক্ষোভ করছে তরুণরা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী নেতার ফাঁসির দাবিতে বাংলাদেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শুক্রবারে ঢাকায় তারা মহাসমাবেশের ডাক দিয়েছে। ঢাকা ছাড়াও দেশের সাতটি বিভাগে বিক্ষোভের ঘটনা ঘটেছে।