অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরন্তর সংগ্রামের শপথ

সূর্যের রশ্মি তখন তেজ হারিয়েছে। কিন্তু আলো কাটেনি। সেই আলোতে দুই হাত উঁচিয়ে দাঁড়িয়ে লাখো তরুণ-ছাত্র-জনতা শপথ নিলেন অসাম্প্রদায়িক দেশ গড়বার। অঙ্গীকার করলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেসব ঘৃণ্য অপরাধী হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও জঘন্য অপরাধ করেছে তাদের ফাঁসির রায় না হওয়া পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার। গতকাল শুক্রবার বিকালে শাহবাগের গণজাগরণ মঞ্চে এই শপথ নেন তারা। এসময় লাখো জনতার দৃপ্ত উচ্চারণে মুখরিত হয়ে উঠে শাহবাগ। ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার এই শপথ বাক্য পাঠ করান। তার সাথে কণ্ঠ মিলিয়ে শপথ নেন মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সমাজকর্মী, সংস্কৃতিকর্মী, যুবনেতা, ছাত্রনেতা, গণমাধ্যমকর্মী, ব্লগারসহ সকল পেশা ও বয়সের মানুষ। শিশুরাও শপথে অংশগ্রহণ করে। শপথ পাঠকালে উপস্থিত সকলে সমবেত কণ্ঠে বলেন, আমরা শপথ করছি, একাত্তরের যে সকল ঘৃণ্য রাজাকার আলবদর গণহত্য ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড না হওয়া পর্যন্ত এ গণজাগরণ মঞ্চ গণমানুষের নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। আমরা শপথ করছি, যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি এদেশে নিষিদ্ধ করবো এবং তাদের এদেশে নাগরিকত্ব বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে সোচ্চার থাকবো। আমরা আরো শপথ করছি, ৭৫’র পরে সাজাপ্রাপ্ত বিচারাধীন যে সমস্ত যুদ্ধাপরাধী রাজাকার আলবদর রয়েছে তাদেরও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে কাজ করবো। আমরা শপথ করছি, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, ফোকাস, রেটিনা কোচিং সেন্টারসহ যুদ্ধাপরাধীদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বয়কট করবো। আমরা মনে রাখবো, তারা এগুলো থেকে অর্থ সংগ্রহ করে এদেশে স্বাধীনতা বিরোধী অপতত্পরতা চালিয়ে যাচ্ছে। এমনকি যেসব শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন তৈরি করে তারা শিশুদের মাঝে স্বাধীনতাবিরোধী বিষবৃক্ষ বপন করছে সেগুলোও বয়কট করবো। এক কথায়, রাজাকার আলবদরদের সকল ব্যবসায়িক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করার দাবিতে কাজ করবো। আমরা শপথ করছি, দেশে গৃহযুদ্ধের হুমকি দিয়ে জামায়াত-শিবির যে রাষ্ট্রদ্রোহিতা করেছে, তার জন্য ভিডিও ফুটেজ ও সংবাদপত্রের ছবি দেখে অবিলম্বে তাদের গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে যাবো। আমরা শপথ করছি, যুদ্ধাপরাধীদের দিগন্ত টিভি, সংগ্রাম, আমারদেশ পত্রিকা ও সোনার বাংলা ব্লগ বয়কট করবো। আমাদের এ শপথকে কাজে পরিণত করবো।