আওয়ামী লীগেও
গুন্ডা-সন্ত্রাসী
আছে : অর্থমন্ত্রী
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৪
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সন্ত্রাসীরা যে দলেরই হউক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, কেবল বিএনপিতে নয়, আওয়ামী লীগেও গুণ্ডা-সন্ত্রাসী আছে। এদের ধরতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
গতকাল শুক্রবার অর্থমন্ত্রী তার সিলেটের বাসায় সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন নিজ দল বা যেকোন দল হউক এদের ধরতে হবে। এ সময় তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশকে সিলেটের চাঞ্চল্যকর সজিব হত্যার সব আসামিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন।
সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও আলীগের জাতীয় কমিটির সদস্য আ ন ম শফিকুল হক সভায় সভাপতিত্ব করেন।
গত বছর ৯ ডিসেম্বর রাতে নগরীর খরাদীপাড়ায় নিজ বাসভবনে সন্ত্রাসী হামলায় নিহত হন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক আবদুল্লাহ সিদ্দীকের ছেলে স্থাপত্য প্রকৌশলী মেহরান সিদ্দিকী সজীব। এ ঘটনায় ছাত্রদল ক্যাডার সহ ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়।