মার্চে আসতে পারেন প্রণব মুখার্জী
ভারতীয় হাইকমিশনের
প্রতিনিধি দলের
নড়াইল সফর
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৪
নড়াইলের জামাই বাবু ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর মার্চ মাসে নড়াইল সফরের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পংকজ সরণসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জেলায় সফর করেছেন। গতকাল শুক্রবার প্রতিনিধি দলটি পৌরসভার দক্ষিণ নড়াইলে পৌঁছালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে প্রতিনিধি দলটি ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জীর পৈত্রিক ভিটা সদর উপজেলার ভদ্রবিলা গ্রাম ও মামা বাড়ি সদর উপজেলার চাঁচড়া গ্রাম পরিদর্শন করেন।
এসময় ভারতীয় হাইকমিশনার পংকজ সরণ বলেন, আমরা শুধু আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শ্বশুরবাড়ি পরিদর্শন করতে এসেছি।
প্রতিনিধি দলটিতে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীফ প্রটোকল অফিসার রুচিরা কম্বোজ, ভারতীয় রাষ্ট্রপতির কার্যালয়ের যুগ্ম সচিব থমাস ম্যাথিউস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো: জহুরুল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রমুখ।