মানবতাবিরোধীদের বিচার নিয়ে সরকারের দ্বিমুখী নীতি ধরা পড়ে গেছে

মানবতাবিরোধী অপরাধীদের বিচারের ব্যাপারে সরকার দ্বিমুখী নীতি গ্রহণ করায় জনগণের কাছে তা ধরা পড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, সরকারের ঈমান নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের ভেতর মনে হচ্ছে দুইটি সরকার রয়েছে। শাহবাগের আন্দোলনে নামকরা কিছু মন্ত্রী যেতে পারছেন না। আবার কেউ কেউ নিরপেক্ষভাবে তাদের সেন্টিমেন্ট প্রকাশের জন্য সেখানে যাচ্ছেন। মানবতাবিরোধীদের বিচার নিয়ে সরকার নিজেই নিজের ফাঁদে ধরা পড়েছে। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত ‘পদ্মা সেতুর দুর্নীতির দায় জনগণ নেবে কেন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। পরিষদের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডেভোকেট আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, খালেদা ইয়াসমিন প্রমুখ।