নরসিংদীতে ফেন্সিডিল ব্যবসায়ী কোহিনূর খুন

নরসিংদীতে রানা বাহিনীর লোকজনের হাতে ফেন্সিডিল সম্রাজ্ঞী হিসাবে পরিচিত কোহিনূর বেগম (৩০) নামের এম মহিলা নিহত হয়েছেন। ফেন্সিডিল ব্যবসার টাকা ভাগাভাগির জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার বিকালে জেলা শহরের কাউরিয়াপাড়া মহল্লায় এই হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে—গতকাল বিকাল সাড়ে ৪টায় স্থানীয় রানা বাহিনীর রানার নেতৃত্বে একদল লোক শহরের কাউরিয়াপাড়া মহল্লায় কোহিনূরের ঘরে ফেন্সিডিল ব্যবসার টাকার ভাগ চাইলে কহিনূর গালাগাল করে। এতে রানা এবং তার লোকজন উত্তেজিত হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকলে কোহিনূর দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। এর পরও আক্রমণকারীরা ধাওয়া করে রাস্তায় এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে অজ্ঞান করে চলে যায়। এলাকার লোকজন দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক কোহিনূরকে মৃত ঘোষণা করেন। কোহিনূর শহরের কাউরিয়াপাড়া মহল্লার নূরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় সন্ত্রাসী ফরিদের স্ত্রী। পুলিশ কোহিনূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।