গণজাগরণের ‘বাংলা
বসন্ত’ দেখা দিয়েছে
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৬
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশজুড়ে নতুন প্রজন্মের অভূতপূর্ব জাগরণের মধ্যদিয়ে ‘বাংলা বসন্ত’ দেখা দিয়েছে। এই বাংলা বসন্তকে আরো এগিয়ে নিতে হবে। আরব বসন্তের মত তা যেন বেহাত ও বিপর্যস্ত না হয় ছাত্র-তরুণদেরকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। তিনি ছাত্র-তরুণদের এই গণবিদ্রোহের সাথে শ্রমিক-কৃষকসহ সমাজের সকল অংশের সংহতি ও মেলবন্ধন জোরদার করারও আহ্বান জানান। তিনি বলেন, আরেকটি মুক্তিযুদ্ধ ছাড়া সকল যুদ্ধাপরাধীর বিচার ও মুক্তিযুদ্ধের চেতনার সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা যাবে না। গতকাল শুক্রবার সকালে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় কাউন্সিলের সমাপ্তি অধিবেশনের প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক রাশেদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এই অধিবেশনে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. এম. আক্তারুজ্জামান, বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা সায়েম উদ্দিন আহমেদ তাজেল প্রমুখ। সভা শেষে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগস্থ মহাসমাবেশে বিপ্লবী ছাত্র সংহতি মিছিল সহকারে অংশগ্রহণ করে।