যাত্রাবাড়িতে ব্যাংক কর্মচারি ইদ্রিস হত্যা
হত্যাকাণ্ডে জড়িতদের
শাস্তির দাবি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৭
স্ত্রী তাসলিমা বেগমের পরকীয়া প্রেম বাড়ী বিক্রির টাকা আত্মসাত্ ও অন্যান্য সম্পদ লুট করতে পরিকল্পিতভাবে খুন করেছে ব্যাংক কর্মচারী ইদ্রিস আলী হাওলাদারকে। সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশে (ক্র্যাব) গতকাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ইদ্রিস আলী হাওলাদারের মা ছকিনা বেগম এ কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে ছকিনা বেগম জানান, গত ২১ ডিসেম্বর যাত্রাবাড়ী এলাকায় নিজ বাড়িতে খুন হন আইএফআইসি ব্যাংকের গাড়ি চালক ইদ্রিস আলী হাওলাদার। এ ঘটনায় পুলিশ ইদ্রিসের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেফতার করলেও এখন পর্যন্ত প্রকৃত খুনী কারা তা পুলিশ তদন্ত করে বের করতে পারেনি। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, তাসলিমা বেগমের আইয়ুব আলী নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। এর জের ধরে তাসলিমা তার স্বামীকে খুন করেছে বলে অভিযোগ করা হয়। তাসলিমা বেগমের পক্ষের লোকজন দিয়ে তার অন্য ছেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তার পরিবারকে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করা হয়। তিনি তার ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।