যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে প্রবল তুষারঝড়
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:১৬
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূল প্রবল তুষার ঝড়ের কবলে পড়েছে। নিউইয়র্ক থেকে ঘনবসতিপূর্ণ দ্বীপ এলাকায় প্রচণ্ড তুষার ঝড় ও তীব্র শীতের পূর্বাভাস জারি করা হয়েছে। ঝড়ের কারণে উত্তর-পূর্বাঞ্চলের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। খবর বিবিসির।
গতকাল শুক্রবার গ্রেট লেক থেকে আসা এ ঝড় নিউ ইংল্যান্ডের কিছু অংশে প্রবল তুষাড় ঝড়ে পরিণত হয়। আজ শনিবার কেপ কোডে এটি আঘাত হানতে পারে। বোস্টনে ইতোমধ্যে স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। কিছু এলাকায় দুই ফুটের মতো তুষার জমেছে। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা নিউজার্সি থেকে মেইনে অঙ্গরাজ্য পর্যন্ত প্রচণ্ড তুষার ঝড়ের পূর্বাভাস দিয়ে জানায়, এটি যাবত্কালের সর্বোচ্চ মাত্রার তুষার ঝড় হতে পারে। ঝড়ো বাতাসের গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার; যা গত বছরের অক্টোবরের হারিকেনের চেয়ে বেশি শক্তিশালী। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বোস্টনের মেয়র থমাস মেনিনো ব্যবসায়ী এবং বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার আহবান জানিয়েছেন। নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ জানান, নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তবে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে ফেরি সার্ভিস কমিয়ে দেয়া হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে।