বইমেলায় হানিফ সংকেত
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৫৩
দীর্ঘ কয়েক বছর পরে হানিফ সংকেতের বই বের হচ্ছে এবারের বইমেলায়। অনন্যা প্রকাশনী থেকে বের হচ্ছে মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের দুটি বই। এরই ভেতরে এবারের বইমেলায় ‘নিয়মিত অনিয়ম’ নামের তার প্রবন্ধগ্রন্থ প্রকাশ পেয়েছে। খুব শিগগিরই তার লেখা উপন্যাস ‘কষ্ট’ মুক্তি পাবে একই প্রকাশনী থেকে। দীর্ঘ বিরতির পর বই প্রকাশ প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘অনেকদিন ধরেই একাধিক প্রকাশনী বই দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছিল। স্বভাবতই বইমেলা আসলেই সেই তাগিদটা সবার ভেতরে প্রকট হয়ে ওঠে। এ কারণে এবারে গেল কয়েক মাস ধরে আমার লেখালেখিগুলো সংকলন করে প্রকাশ করেছি।’ প্রকাশিত লেখাগুলো দিয়ে আগামীতে নাটক বা কোনো ডকু ফিকশন তৈরি হবে কি না জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ‘সেইভাবে কোনো প্ল্যান নেই। কারণ আমি সাধারণত যা কিছু করি, তা সমসাময়িক বাস্তবতা থেকেই। আর এই লেখাগুলো পুরোপুরি সাহিত্যকর্ম। তাই এটা নিয়ে ভিজ্যুয়ালি কাজ হবে কি না তা ভবিষ্যতই নির্ধারণ করবে। আপাতত আমি পাঠকদের বইটাই উপহার দিতে চাই।’
এদিকে বইমেলায় ভক্তদের অটোগ্রাফ দিতে যাবেন কি না জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ‘বইমেলায় যাওয়া হয়। সেটা শুধু নিজের বই প্রকাশের জন্য নয়। এটা প্রাণের তাগিদে। তবে সেইভাবে আয়োজন করে যাওয়ার ইচ্ছে নেই। আমার চিন্তার অনুরাগীরা এমনিতেই বইটি কিনবে এটাই আমার বিশ্বাস। তাই আমি বইয়ের উদ্দেশ্যে নয়, নিজের প্রাণের তাগিদে মেলায় যাব।’