তালেবানের সঙ্গে অবিলম্বে শান্তি আলোচনার দাবি নওয়াজের

পাকিস্তানের প্রধান বিরোধী দলীয় নেতা নওয়াজ শরীফ তালেবানের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসার দাবি জানিয়ে সরকারকে বিদ্রোহীদের শর্তযুক্ত শান্তি প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করার আহবান জানিয়েছেন। সামপ্রতিক মাসগুলোতে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের হামলা জোরদার করার ফলে আশংকা দেখা দিয়েছে যে, আগামী মে মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সহিংসতার কবলে পড়তে পারে। রবিবার টিটিপি মুখপাত্র এহসানুল্লাহ এহসান সাংবাদিকদের মাঝে বিলি করা এক ভিডিও বার্তায় নওয়াজ শরীফসহ কিছু বিরোধী দলীয় নেতার গ্যারান্টর হিসেবে কাজ করার শর্তে ইসলামাবাদের সঙ্গে শান্তি প্রস্তাব দিয়েছে। নওয়াজ শরীফ এই শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তবে তিনি গ্যারান্টর হতে অস্বীকৃতি জানিয়েছেন। শুক্রবার স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত এক বিবৃতিতে নওয়াজ শরীফ বলেন, তালেবানের প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। কেননা, পাকিস্তানের জনগণ শান্তি চায়। নওয়াজের দলের মুখপাত্র সিদ্দিকুল ফারুক এ খবর নিশ্চিত করেন। ডিসেম্বরে টিটিপি নেতা হাকিমুল্লাহ মাসুদ বলেছিলেন যে, তিনি শান্তি আলোচনায় বসতে রাজি। কিন্তু তিনি অস্ত্র ত্যাগ করতে অস্বীকার করেন। সমালোচকরা টিটিপি’র সাথে শাস্তি আলোচনার চেষ্টার মাধ্যমে সরকার জঙ্গিদের আরো হামলার জন্য প্রস্তুতি গ্রহণের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেন।