সংবাদ কণিকা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৪
রাজাপাকসের সফরে বিক্ষোভ
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভারত সফরকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে সেদেশের বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার বিহার ও অন্ধ্রপ্রদেশের মন্দিরগুলো পরিদর্শনে গেলে বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এ সময় তারা প্রেসিডেন্টের কাছে শ্রীলঙ্কায় তামিলদের উপরে নানা অত্যাচারের জবাবদিহিতা চান। প্রথমে বুদ্ধগয়ায় যান তিনি। এরপর বিকালে যান তিরূপতিতে। বিক্ষোভের ভয়ে তখন সর্বত্রই ছিল কঠোর নিরাপত্তা। সকালে চেন্নাইয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ডিএমকে। ডিএমকের প্রধান করুণানিধি ছাড়াও তার ছেলে এম কে স্ট্যালিন, মেয়ে কানিমোঝিসহ দলের সব শীর্ষ নেতা হাজির ছিলেন। রাজাপাকসের কুশপুত্তলিকা পোড়ায় দলীয় সমর্থকরা। — ইন্ডিয়া টুডে
শান্তি চুক্তির ইঙ্গিত ইবোবির
দু’টি জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিং। ইতিমধ্যেই মণিপুরি জঙ্গিদের যৌথ মঞ্চ ‘কো-অর্ডিনেশন কমিটি’ থেকে বিতাড়িত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন , যদিও ইউপিপিকের নেতৃত্ব সরাসরি এখনও আত্মসমর্পণের কথা জানায়নি, তারপরও এটি সামনের দিকে এগোচ্ছে। তিনি বলেন, শান্তি আলোচনার পথ বেশি দূরে নেই। ইবোবি বলেন, থৌবালের কেওয়াইকেএল-মিলিটারি ডিফেন্স পার্টি সরাসরি তার কাছে শান্তি আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। কয়েকশ’ এমডিএফ সদস্য অস্ত্র জমা দিতে প্রস্তুত বলে জানা গেছে। কুকি জঙ্গিদের যৌথ মঞ্চের উদ্দেশে তিনি বলেন, এই মঞ্চের সঙ্গে কেন্দ্র ও রাজ্যের ত্রিপাক্ষিক বৈঠকের প্রক্রিয়া চলছে। তাদের পৃথক রাজ্যের দাবি সংক্রান্ত বিষয়টিও কেন্দ্রের বিবেচনাধীন। —আনন্দবাজার পত্রিকা
ভাড়ায় লোহার খাঁচা
ভাড়ায় খাঁচা। বিষয়টির কথা ভাবলেই মনে হবে যেন কোন পশুপাখির বাসা। আসলে পুরো ব্যাপারটাই হচ্ছে তার উল্টো। এটা পশুপাখির কোন খাঁচা নয়। হংকংয়ে বাড়ি ভাড়া এতো বেশি বেড়ে গেছে যে, তারা একটু খেয়ে-পরে বেঁচে থাকার জন্য কম খরচের পথ হিসাবে এ বিকল্পটি খুঁজে নিয়েছে। ছ’ফুট বাই দু’ফুট ওই লোহার খাঁচার এক একেকটা তাতে রয়েছে এক একজনের সংসার। এর জন্য ভাড়া গুনতে হয় ১০৫ পাউন্ড। শহরের হাজার দশেক মানুষ এভাবেই আস্তানা গেড়ে বসবাস করছে। বলা যেতে পারে গরিব মানুষদের ঠাঁই হয়েছে ওই লোহার খাঁচাতেই। -পিটিআই