প্রতিনিয়তই বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপট। অর্থনীতির ভাণ্ডারে যোগ হচ্ছে নতুন নতুন তথ্য। এসব তথ্য ও সম্প্রতি ঘটে যাওয়া অর্থনীতির নানা বিষয় সংক্ষেপে তুলে ধরেছেন— নাঈমা সুলতানা
ভারতের শুল্কনীতি নিয়ে ট্রাম্পের ক্ষোভ
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হচ্ছে বলে
ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হার্লে ডেভিডসন মোটরসাইকেলের
শুল্ক নিয়ে সমালোচনার পর এবার ক্ষোভ প্রকাশ করলেন কাগজে তৈরি পণ্যের ওপরে আমদানি শুল্ক নিয়ে। ট্রাম্পের অভিযোগ, অনৈতিক বাণিজ্যের সুবিধা নেয় ভারত। তার দাবি, এ ধরনের ভারসাম্যহীন বাণিজ্যের কারণে দীর্ঘদিন ধরে বছরে ৮০ হাজার
কোটি ডলার হারিয়েছে যুক্তরাষ্ট্র। এটি আর করা হবে না। এর প্রতিকার
হিসেবেই প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।
আবারো রাজধানী পরিবর্তনের সিদ্ধান্ত ইন্দোনেশিয়ার
আবারো প্রশাসনিক রাজধানী পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। এ পরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রায় এক দশক সময় লাগবে এবং ব্যয় হবে প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলার। উদ্যোগটি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি খাতের অবদান অর্ধেক-অর্ধেক হতে পারে। এদিকে এ পরিকল্পনার আওতায় জাকার্তা থেকে সরকার ও এর নির্বাহী শাখা, মন্ত্রণালয় এবং পার্লামেন্ট স্থানান্তর করা হবে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম জাকার্তাতেই বহাল থাকবে। বৃহত্তর জাকার্তা অঞ্চলে তিন কোটি মানুষের বসবাস। যানজটের কারণে উত্পাদনশীলতায় বছরে যে ক্ষতি হয়, তার আনুমানিক অর্থমূল্য ৭০০ কোটি ডলার।
১০ লাখ বৃটিশ পরিবার ব্যবহার করছে গ্রিন গ্যাস
পরিবেশের ওপর জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব কমাতে বিশ্বে নবায়নযোগ্য ও
পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার ক্রমাগত বাড়ছে। এর মধ্যে বৃটেনে খামার ও খাদ্য উচ্ছিষ্ট
থেকে উত্পাদিত জ্বালানির উত্পাদন ও ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে ১০ লাখ বৃটিশ পরিবার উষ্ণতা ও রান্নার কাজে ‘পরিবেশবান্ধব গ্যাস’ হিসেবে পরিচিত বায়োমিথেন ব্যবহার করছে। ২০৫০ সাল নাগাদ যুক্তরাজ্যের অন্তত এক কোটি পরিবারকে গ্রিন গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। এদিকে খনি থেকে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীলতা হ্রাসে সরকার বায়োমিথেনে ৬৫ কোটি ৬০ লাখ পাউন্ড বিনিয়োগ করেছে।