মোহামেডানের জয়ে সুবিধা হলো শেখ জামালের

মোহামেডানের বিরল এক জয়ে আনন্দিত হলো আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদের এমন আনন্দের কারণ গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণ ফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় শেখ রাসেলের বিরুদ্ধে মোহামেডানের জয়ের পাশাপাশি গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে ২-০ গোলে হারায় শেখ জামাল। এ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে এককভাবেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় শেখ জামাল। আবাহনীর এদিন খেলা না থাকলেও আগের অর্জন ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো। এতে তৃতীয় স্থানে ছিটকে যায় শেখ রাসেল। শেখ রাসেলের বিরুদ্ধে মোহামেডানের একমাত্র গোলটি করেন তপু বর্মন। অপরদিকে গোপালগঞ্জে স্বাগতিকদের বিরুদ্ধে ২৭ মিনিটে আরিয়াচুকউ এবং ২৮ মিনিটে সানডে চিজোবা গোলদুটি করেন। শিরোপা প্রত্যাশী শেখ রাসেল লিগে ১১ খেলায় অংশ নিয়ে এ নিয়ে দ্বিতীয়বার হারলো। কাকতলীয়ভাবে দুটি হারই মোহামেডানের কাছে। সর্বশেষ হারটি তাদের শীর্ষে ওঠায় বাদ সাধে। কিন্তু হারের কারণে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গড়িয়ে গেল শেখ রাসেল। মোহামেডান ১৬ পয়েন্ট পেয়ে ছয় থেকে উঠে এলো চারে। এ যাত্রায় দম ফেললেন মানসিক চাপে থাকা কোচ সাইফুল বারী টিটু। উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে শেখ রাসেল শিরোপার পথে এগিয়ে যেতে না পারলেও উপরে উঠার লড়াইয়ে সফল হলো মোহামেডান। খেলোয়াড়রা এমন সময় জয় এনে দিয়েছে যখন তাদের পারফরম্যান্স নিয়ে বিতর্ক হচ্ছিল ক্লাবের অভ্যন্তরে। শেখ রাসেল আগের ম্যাচে বিজেএমসির বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছেলি ৪-৩ ব্যবধানে। কাল সেই তেজ ছিল না। বিজেএমসির ম্যাচে শেখ রাসেলের হাইতির ফুটবলার সনি নরডে দারুণ খেলেছিলেন। কিন্তু গতকাল তাকে কড়া পাহাড়া দিয়ে নিষ্ক্রিয় করে ফেলে রজনীবিহীন মোহামেডানের ডিফেন্ডাররা। মোহামেডানের স্ট্রাইকার ওসে মরিসন কয়েকবার দলকে বঞ্চিত করেছেন বল বাইরে মেরে। দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের পেনাল্টি স্পটে বল পেয়েও ব্যর্থ হয়েছেন। ৫৪ মিনিটে মারুফের ফ্রিকিকের বল শেখ রাসেলের বক্স থেকে ফিরে আসলে, ডিফেন্ডার তপু বর্মনের মাপা শট সবার মাথার উপর দিয়ে জালে ঠাঁই নেয় (১-০)। ক্যারিয়ারের স্মরণীয় গোল করলেন এই ডিফেন্ডার। মহাবিপদের সময় উদ্ধার করলেন দলকে। গোল শোধের যথেষ্ট সুযোগ পেয়েছিল শেখ রাসেল। ৭২ মিনিটে সনি নরডে বল বাড়ান মোহামেডানের জাল পানে। পেছন থেকে দৌড়ে এসে মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার ও ভারপ্রাপ্ত অধিনায়ক উদে দামিয়েন বল বাইরে ঠেলে দিতে সক্ষম হলেও শেখ রাসেলের ফুটবলাররা গোলের দাবি জানান। কিন্তু দাবি জোরালো ছিল না। এরপরও শেখ রাসেল দুইবার গোলের সুযোগ পেয়েও জালে বল পাঠাতে পারেনি। এমিলির বদলে মাঠে নামা স্ট্রাইকার মিঠুন চৌধুরি দলকে ঠকিয়েছেন। মোহামেডানের গোলকিপার মামুন খানকে একা পেয়ে একবার শট নিতে দেরি করেন। আরেকবার বল গোলকিপারের হাতে তুলে দেন। ব্যর্থ হয়ে ম্যাচ শেষে রেফারি তৈয়ব হাসানের দিকে তেড়ে যান, কম সময় খেলানোর দাবি নিয়ে। পুলিশ রেফারিদের নিরাপদ বেষ্টনি দিয়ে ড্রেসিং রুমে পৌঁছে দেন। দুই নাইজেরিয়ানের গোল শেখ জামালের জয় অবশেষে মুক্তিযোদ্ধা গোপালগঞ্জে নিজ ভেন্যুতে হারল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামটিকে ভেন্যু হিসেবে নেয়ার পর সেখানে এটাই দলটির প্রথম হার। এদিকে আজ ও আগামীকাল কোন খেলা নেই।